ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ ৪ বছর পর মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গেলেন। বুধবার আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন তিনি। 

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছেন রুশ প্রেসিডেন্ট। এর আগে সাবেক সোভিয়েত দেশগুলোতে ও পরম মিত্র চীন সফরে গিয়েছিলেন তিনি। 

আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ।

তার সম্মানে কাসর আল-ওয়াতানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুতিনের এ সফরে তেলের দামসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। গাজায় ইসরায়েলের অভিযানের বিষয়টিও এতে স্থান পাবে বলে মনে করা হচ্ছে। 

রয়টার্স বলছে, ওপেক প্লাসে (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা) সহযোগিতামূলক সম্পর্ক ছাড়াও পশ্চিমা নয় এমন দেশগুলোর সঙ্গে বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছেন পুতিন। সেই প্রচেষ্টার অংশ হিসাবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছেন।