ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তেলেঙ্গানা
ও অন্ধ্র প্রদেশে পানি বন্টন সমস্যা গড়িয়েছে অনেক দূর। গত ৩০ নভেম্বর দিবাগত গভীর রাতে
অন্ধ্র পুলিশের একটি দল প্রতিবেশী রাজ্যে ঢুকে নাগার্জুনা সাগর বাঁধের গেট খুলে দিলে
রাজ্য দুটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার তেলেঙ্গানা রাজ্যে ছিল
বিধানসভা ভোট। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে গণনা। এর আগেই প্রশাসনিক ব্যস্ততার সুযোগ
নিয়ে কৃষ্ণা নদীর বাঁধে অন্ধ্র পুলিশ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। পাঁচ শতাধিক
পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল বাঁধ দখল অভিযানে নেমেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়।
তবে অন্ধ্র প্রবেশ সরকারের সেচমন্ত্রী
অম্বাতি রামবাবুর দাবি, দ্বিপাক্ষিক পানিবণ্টন চুক্তি মেনেই পানি নেয়া হয়েছে। তিনি
বলেন, আমরা কোনো চুক্তি লঙ্ঘন করিনি। কৃষ্ণার পানির ৬৬ শতাংশ অন্ধ্র প্রদেশের ও ৩৪
শতাংশ তেলেঙ্গানার প্রাপ্য। আমরা এক ফোঁটা পানিও ব্যবহার করিনি যা আমাদের প্রাপ্য নয়।
এর আগে ২০১৫ সালে অন্ধ্র পুলিশ ওই বাঁধে
ঢোকার চেষ্টা করেছিল। তবে তেলেঙ্গানা নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রতিহত
করে।










