যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর বিধিনিষেধ জারি করেছে মস্কো। রাশিয়ার ওপর জো বাইডেন প্রশাসনের বিধিনিষেধের সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের বা নির্বাহী ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন এমন ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর ও পরবর্তী প্রত্যাশিত চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ চার্লস কিউ ব্রাউন জুনিয়র। আছেন লেট নাইট শোর জনপ্রিয় হোস্ট জিমি কিমেল ও সেথ মেয়ার্স।

চলমান জি৭ সম্মেলনে সম্প্রতি রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ ঘোষণা আসে। জো বাইডেনের নিয়মিত ‘রুশবিরোধী’ পদক্ষেপের জবাবে মার্কিন প্রশাসনের সঙ্গে জড়িতদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করছে রাশিয়া। বিধিনিষেধের তালিকায় সিএনএনের বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া ৫০০ মার্কিন নাগরিক বলা হলেও তালিকায় থাকা প্যাটন ওয়ালশ একজন ব্রিটিশ নাগরিক।

বিবৃতিতে মস্কো জানিয়েছে, নিষিদ্ধ ৫০০ জনের তালিকায় সরকারি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যারা তথাকথিত ক্যাপিটল হিলে হামলার জেরে বিরোধী দলের ওপর নির্যাতনে সরাসরি জড়িত তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য সমর্থক ক্যাপিটল হিলে অবৈধ প্রবেশের মাধ্যমে বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠান বন্ধের চেষ্টা করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, ক্যাপিটল হিলের ঘটনায় জড়িতদের গ্রেফতার নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মনে করেন, ওই দিন সমর্থকরা রাজনৈতিক দাবি নিয়ে কংগ্রেসে এসেছিল।

রুশ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিধিনিষেধগুলোকে যুক্তিযুক্ত বলে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ বলছে, এখন ওয়াশিংটনের এটা বোঝার সময় এসেছে যে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। 

ব্যক্তির বিরুদ্ধে বিধিনিষেধ ঘোষণার ক্ষেত্রে যদিও নির্দিষ্ট অভিযোগ বর্ণনা করা হয়নি। এছাড়া প্রবেশ বিধিনিষেধের কী অর্থ বহন করে, সেটাও স্পষ্ট ব্যাখ্যা করা হয়নি। উপরন্তু মন্ত্রণালয় মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচের কনস্যুলার অ্যাকসেসের ক্ষেত্রে মার্কিন দূতাবাসের অনুরোধ প্রত্যাখ্যান অব্যাহত রেখেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে বিধিনিষেধ অব্যাহত রেখেছে। রাশিয়াও পাল্টা বিধিনিষেধ দিয়েছে। মূলত অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই পাল্টাপাল্টি এসব বিধিনিষেধ দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাপানে চলমান জি৭ সম্মেলনে শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ওয়াশিংটন। একই দিন পাল্টা পদক্ষেপ হিসেবে ৫০০ মার্কিন নাগরিকের ওপর বিধিনিষেধ দিয়েছে মস্কো।