পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি ধ্বংস করতে প্রকাশ্যে প্রচেষ্টা চালিয়েছে সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইমরান খান জানিয়েছেন, তাকে গ্রেফতার করে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। এমনকি কারাগারে পাঠানো হবে।

সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা সম্প্রতি দেশটির ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েন। কয়েকদিন আগে তাকে গ্রেফতার করা হলেও পরে আদালতের রায়ে তিনি জামিন পেয়েছেন। 

গত মাসে সামরিক ভবন ও সম্পদ লুটপাটের ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে সম্প্রতি তার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কেননা এ ঘটনায় দায়ী করা হয় তার সমর্থকদের। ইমরান খান বলেন, ‘এটাই এখন তাদের একমাত্র উপায়। তারা আমাকে কারাগারে পাঠাবে। কেননা সামরিক বাহিনী আমাকে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে বাধা দিতে চায়।’

পারমাণবিক অস্ত্রধারী এবং ২২ কোটি জনসংখ্যার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে বেড়েছে। দেশটি বর্তমানে আর্থিক সংকটেও জর্জড়িত। সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে ইমরান খানের দলের কয়েকজন সদস্য বিচারের প্রক্রিয়ায় রয়েছেন। এ ধরনের বিচার প্রক্রিয়া সাধারণত সামরিক বাহিনীর সদস্যদের জন্য বা রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জন্য সংরক্ষিত।