গত বছর কাশির সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানে ১৯ শিশু অসুস্থ হয়ে পড়ে। সিরাপটি তৈরি করেছে ভারতীয় প্রতিষ্ঠান ম্যারিয়ন বায়োটেক। এতে চিকিৎসা খাতের পরিবর্তে শিল্প-খাতের উপাদান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, মায়া কেমটেক ইন্ডিয়ার কাছ থেকে প্রোপেলিন গ্লাইকল কিনেছে ম্যারিয়ন। কিন্তু কোম্পানিটির ফার্মাসিউটিক্যাল গ্রেডের উপাদান বিক্রির লাইসেন্স ছিল না। যে কারণে সিরাপ কোম্পানির কাছে শিল্প-খাতের গ্রেড সরবরাহ করেছে বলে তদন্তের বিষয়ে অবগত একটি সূত্র জানায়।

তদন্ত চলাকালীন নাম প্রকাশে একজন জানান, ম্যারিয়ন যে কাশির সিরাপ তৈরিতে এ উপাদান ব্যবহার করবে তা জানা ছিল না। এমনকি কোথায় এ উপাদান ব্যবহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। দুটি সূত্র জানায়, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড পিজি দিয়ে সিরাপ তৈরি করা হয়েছে। এটি খুবই ক্ষতিকর একটি উপাদান। লিকুইড ডিটারজেন্ট, অ্যান্টিফ্রিজ, পেইন্ট বা রঙ ও কোটিং এবং কীটনাশকের কার্যকারিতা বাড়াতে এটি ব্যবহার করা হয়।

তদন্তকারী জানায়, সিরাপে ব্যবহারের আগে ম্যারিয়ন উপাদান পরীক্ষা করেনি বলে উজবেকিস্তানকে জানিয়েছে। ভারতের ওষুধ ও প্রসাধনী আইন অনুযায়ী, উৎপাদনে ব্যবহৃত যেকোনো কাঁচামাল স্বাস্থ্যের জন্য ভালো না মন্দ তা কোম্পানি নিশ্চিত করবে। সূত্রের তথ্যানুযায়ী, এ ঘটনায় কোনো জরিমানার মুখে পড়বে না কোম্পানি, তবে তদন্ত এখনও চলমান। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল, হার্বাল ও প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী ম্যারিয়ন আগেও কোনো দায় নেয়নি। এ বিষয়ে কোম্পানি, ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বা ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।