গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ, যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্যদেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। খবর আল জাজিরা।

প্রস্তাবে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বানও জানানো হয়েছিল। তবে ওয়াশিংটন একে ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে জিম্মিদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বক্তব্য দেন। তিনি তখন ১০ দেশের পক্ষ থেকে দেয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। তার মতে, যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই।

নিরাপত্তা পরিষদে ডরোথি শিয়া আরো বলেন, ‘সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে তা হলো, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এ অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে।’

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের প্রস্তাবনাগুলোরও গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এরপরও একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি।