লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পর ১ মাসের
মধ্যে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয় রাহুল গান্ধীকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে
বলা হয়, গতকাল শনিবার (২২ এপ্রিল) দিল্লির তুঘলক লেনের বাংলোটি ছেড়ে দিয়েছেন তিনি।
২০০৪ সালে প্রথমবার লোকসভার সদস্য নির্বাচিত
হওয়ার পর ১৯ বছর ধরে বাংলোটিতে ছিলেন রাহুল গান্ধী। রাহুলকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম
জানিয়েছে, বাড়ি হারানোর পর আপাতত কিছুদিন তিনি তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে থাকবেন।
প্রায় চার বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির
বিধায়ক পূর্ণেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। অভিযোগ ছিল,
২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারণার সময় ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন
রাহুল। রাহুলের ওই মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘মোদি’ পদবিধারী অন্যান্যদের
জন্য অপমানজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মানহানির মামলায় শাস্তি হওয়ায় ভারতীয় সুপ্রিম
কোর্টের এক রায়ে লোকসভার সদস্যপদ হারান রাহুল। সদস্যপদ হারানোয় সরকারি বাংলো ছাড়ার
নোটিশ পান তিনি। অবশ্য আদালতে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য সময় দিয়েছিল তাকে, তবে ওই
চ্যালেঞ্জে হেরে গিয়েছেন তিনি। ফলে লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত রুদ্ধ হয়ে
যায়।
এ রায়ের পর আগামী বছর তিনি জাতীয় নির্বাচনে অংশ নিতে
পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে আদালতে আপিলের সুযোগ রয়েছে তার।
সব আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত গ্রেফতার করা হবে না তাকে।










