গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার
করা মামলায় জাতিসংঘের শীর্ষ আদালতের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি)
হেগের পিস প্যালেসের আন্তর্জাতিক বিচার আদালতের (আইজেসি) গ্রেট হল জাস্টিসে মুখোমুখি
হচ্ছে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার
শুনানি আজ ও আগমীকাল শুক্রবার চলবে।
এর আগে গাজায় অবিলম্বে সামরিক অভিযান
বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে মামলার আবেদন করে দক্ষিণ
আফ্রিকা। গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যামূলক বলে উল্লেখ করেছিল দেশটি। অভিযোগে বলা
হয়, উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশকে জাতিগতভাবে ধ্বংস
করছে তেল আবিব।
ইসরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি
মামলার বিরুদ্ধে লড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, দক্ষিণ আফ্রিকা অভিযোগ অযৌক্তিক।
তিনি বলেছেন, মানহানিকর অভিযোগের বিরুদ্ধে আদালতে হাজির হতে প্রস্তুত তারা। হত্যাকারী
হামাসকে সমর্থন দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক বিচার আদালতকে বিশ্ব আদালতও
বলা হয়। এটি জাতিসংঘের দেওয়ানি আদালত ও সদস্য দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। সদস্য
হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয়ই এ আদালতের আওতাধীন। আজেসি আন্তর্জাতিক অপরাধ
আদালত (আইসিসি) থেকে আলাদা, এটি যুদ্ধাপরাধের বিচার করে থাকে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায়
আক্রমণ শুরু করে ইসরায়েল। এতে তিন মাসে অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
যাদের ৭০ শতাংশই নারী ও শিশু।










