১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য নতুন এন্ট্রি পারমিট ফি নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নিয়মে ফির পরিমাণ আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও অ্যারাবিয়ান বিজনেস। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, নতুন প্রক্রিয়ায় প্রথমে ছয় মাসের জন্য দেয়া হবে এন্ট্রি পারমিট। এন্ট্রি পারমিট থেকেই গোল্ডেন ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

এন্ট্রি পারমিটের আবেদনের জন্য ফি নেয়া হচ্ছে ১ হাজার ২৫০ দিরহাম। এ খরচের মধ্যে ১ হাজার দিরহাম ভিসা ইস্যু ফি, ১০০ দিরহাম আবেদন ফি, ১০০ দিরহাম স্মার্ট পরিষেবা ফি, ২৮ দিরহাম ইলেকট্রনিক পরিষেবা ফি এবং ২২ দিরহাম ফেডারেল কর্তৃপক্ষের ফি। ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) নতুন এ ফি নির্ধারণ করেছে। কর্তৃপক্ষ বলছে, নতুন ফি নির্ধারণের মধ্য দিয়ে গোল্ডেন ভিসা প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে।

এন্ট্রি পারমিটের জন্য আবেদন করার সময় গোল্ডেন ভিসার আবেদনকারীদের অবশ্যই পাসপোর্ট, রঙিন ছবি এবং আবেদনের যোগ্যতার প্রমাণপত্রসহ কিছু নথি জমা দিতে হবে। 

দেশটিতে বিভিন্ন ক্যাটেগরিতে গোল্ডেন ভিসা দেয়া হয়। বিজ্ঞানী, বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, উদ্যোক্তা, উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলকারী, সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্যান্য দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা এ ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান।