পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বৃষ্টিপাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। মূলত ভারী বর্ষণের মধ্যে ঘরবাড়ি ধসে পড়ায় প্রাণহানির এ ঘটনা ঘটে। আরো অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনএসইএমএ) প্রধান ইব্রাহিম হুসেইনি রয়টার্সকে বলেন, প্রদেশের দুটি গ্রামে অন্তত ৫০টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১০ জনের বেশি মানুষ নিখোঁজ, যাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

নাইজেরিয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি থাকে। এবারের বর্ষা এপ্রিল মাসে শুরু হয়েছে এবং শুরু থেকেই কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিম আফ্রিকার এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যার ফলে প্রতিনিয়ত বন্যা ও ভূমিধসের মতো ঘটনা বাড়ছে।

এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যায় নাইজেরিয়ায় ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ।