যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (৪ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়, সেই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করা দেশের স্বার্থের পরিপন্থী। খবর আল জাজিরা।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে। এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি। এরই মধ্যে শনিবার ইরান জানায়, ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে। তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার সঙ্গে সাংঘর্ষিক, এটি ১০০ শতাংশ আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে। মার্কিন নেতাদের দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি প্রশ্ন তুলে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আপনি কে?
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি আরো বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি, আর শত্রুরা এটাকেই লক্ষ্যবস্তু করছে।
রাষ্ট্রের যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আলোচনায় ইতি টানার কথা না বললেও ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন তিনি।















