রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন ইম্পেরেটর আলেকজান্ডার-থ্রি সম্প্রতি বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা সফল হয়েছে দাবি করে মস্কো জানায়, সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। গতকাল এ পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স।

মস্কো জানায়, রাশিয়ার উত্তর উপকূলের কাছে হোয়াইট সাগরে এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাতকা উপদ্বীপে হাজার কিলোমিটার দূরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সর্বশেষ পর্যায়ে রয়েছে। এটি নৌবাহিনীর সঙ্গে যুক্ত করা হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে পারমাণবিক অস্ত্রশক্তি বজায় রাখতে জোর দিচ্ছেন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবেলায় এটি তার দেশের জন্য প্রয়োজন।

সাবমেরিন ইম্পেরেটর আলেকজান্ডার-থ্রি ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ও আধুনিক টর্পেডো অস্ত্রে সজ্জিত।