বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের
মতো গাজীপুর চৌরাস্তা বাইপাসে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার
(৩১ অক্টোবর) সকাল থেকে গুরুত্বপূর্ণ এ সড়কে জড়ো হন তারা।
আজ দেশব্যাপী শুরু হয়েছে বিএনপির-জামায়াতের
ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি। এরই মধ্যে শ্রমিকদের এ বিক্ষোভ সামাল দিতে সড়কে নেমেছে পুলিশ।
মজুরি বৃদ্ধি ও নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। শিল্প অধ্যুষিত সাভার, আশুলিয়া, গাজীপুর এলাকায় গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছেন।
ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, পুলিশ বক্স, পিকআপ ও পোশাক কারখানায় অগ্নিসংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক এবং অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে পুলিশ ও শ্রমিকসহ অন্তত অর্ধশতাধিক।
ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
গত শনিবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার
বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মাসিক ২৩ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল
করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক নেতাদের অভিযোগ, কারখানা মালিকদের প্রতিনিধিদের
ন্যূনতম মাসিক মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব পোশাক শ্রমিকদের সবচেয়ে
বেশি হতাশ করেছে।









