নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) ভোররাতের দিকে আগুন লাগে বহুতল ভবনটিতে। ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ৯২ কক্ষবিশিষ্ট ভবনটির অন্যান্য তলায়।

হোস্টেলটিতে নির্মাণশ্রমিক এবং হাসপাতালের কর্মীরা থাকতেন। তাদের পাশাপাশি সেখানে রাখা হয়েছিল ন্যূনতম অপরাধে সাজাভোগী আসামিদেরও।

আগুনের খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ভবনটিতে অবস্থানরত অধিকাংশ মানুষকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এখনও কয়েকজন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা। অগ্নিকাণ্ডের কারণে শহরের অন্যতম প্রধান একটি সড়ক বন্ধ রাখা হয়েছে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের নির্দেশনা দিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।