আকাশপথে চালু হচ্ছে রাইড শেয়ারিং সেবা। অনেকটা উবারের মডেল কাজ করবে কানেক্টএয়ার নামের এ পরিষেবা। খবর সিএনএন।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো, আকাশপথে
ব্যক্তিগত উড়ানে ভোক্তাদের আনাগোনা বাড়ানো। অবশ্য সংস্থার ওয়েবসাইট চালু হয়েছে বেশ
আগে। মূলত ২০১৯ সালে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া
দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ নিয়মিত
অন-ডিমান্ড ফ্লাইট বুকিং করতে পারবেন। চলতি মাস থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যক্তিগত উড়োজাহাজে
চড়ার জন্য এ বুকিং করা যাবে। থাকছে দর কষাকষির মাধ্যমে ভাড়া ঠিক করার সুবিধা। তবে ভ্রমণের
মূল্য জন প্রতি ১১১ ডলার উল্লেখ করা হয়েছে কানেক্টএয়ারের সাইটে।
মার্কিন বিমানবাহিনীর সাবেক পাইলট ও
প্রতিষ্ঠানটির সিইও কেটি বাস বলেন, ‘আমরা কম দূরত্বের ফ্লাইট সম্পর্কে লোকেদের চিন্তাভাবনা
পরিবর্তন করতে চাই। তারা মনে করেন, এটা শুধু বিল গেটস ও ইলন মাস্কদের মতো লোকদের জন্য।
এ ভ্রমণ সস্তা নয়, তবে মানুষ যা ধারণা করে তার চেয়ে কম। আমরা আসলে ব্যক্তিগত ফ্লাইটে
ভ্রমণ নিয়ে যাত্রীদের ধারণা দিতে চাই।’
কানেক্টএয়ার ব্যক্তিগত ফ্লাইটের বাজারে
বিপ্লব" ঘটাতে চায়। উবার ট্যাক্সি ও আবাসানখাতের এয়ারবিএনবি এ ধারায় বিকাশ লাভ
করেছিল।









