নরওয়ের নতুন রাজা হিসেবে সিংহাসনে বসেছেন হাকন অষ্টম। বাবা রাজা হ্যারাল্ড পঞ্চমের মৃত্যুর পর শুক্রবার ৫৩ বছর বয়সে সিংহাসনের দায়িত্ব নেন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সিংহাসনের উত্তরাধিকারী হন হাকন। খবর বিবিসি।

রাজা হিসেবে হাকন অষ্টম নাম গ্রহণ করেন। একই সঙ্গে বাবা, দাদা ও প্রপিতামহের ব্যবহৃত রাজকীয় নীতিবাক্য ‘অল ফর নরওয়ে’ (নরওয়ের জন্য সবকিছু) অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। শুক্রবার অসলোতে রয়্যাল প্যালেসে অনুষ্ঠিত বিশেষ স্টেট কাউন্সিলের বৈঠকে তিনি সরকারের কাছে বাবার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এবং সংবিধান অনুযায়ী রাজার দায়িত্ব গ্রহণের কথা জানান।

সরকার ও নরওয়ের জনগণের সমর্থন ও রাজপরিবারের প্রতি সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান নতুন রাজা। প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে সরকারের ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, পুরো দেশ শোকাহত এবং দেশের জন্য রাজা হ্যারাল্ডের আজীবন সেবার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

এর আগে নরওয়ের সিংহাসনে ৩৫ বছর ছিলেন রাজা হ্যারাল্ড পঞ্চম। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো ইউনিভার্সিটি হাসপাতাল রিকশহসপিটালেতে ৮৯ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা যান তিনি। বিরল রক্তরোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন হ্যারাল্ড।