ভারতের জম্মু ও কাশ্মির এলাকায় অজ্ঞাত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক সেনা গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেন্দ্রশাসিত রাজৌরি সেক্টরের পুঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে রয়টার্জ জানায়, গতকাল বিকেলে সেনাসদস্যদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিকারীরা। পরে সম্ভবত গ্রেনেড হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে পুঞ্চের ভিমবার গলি এলাকায় ‘সন্ত্রাসীরা’ সেনাদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত ওই পাঁচ সেনাসদস্যকে সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটে মোতায়েন করা হয়েছিল। আহত অপর সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।










