রুশ আইনপ্রণেতাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম
গার্ডিয়ান জানিয়েছে, যুদ্ধের ভয়াবহতা থেকৈ বাঁচাতে ইউক্রেন থেকে ৭ লাখ শিশুকে সরিয়ে
রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (২ জুলাই) রাতে রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের
আন্তর্জাতিক কমিটির প্রধান গ্রিগরি কারাসিন নিজের টেলিগ্রাম ম্যাসেজিং চ্যানেলে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের সংঘাতপূর্ণ
এলাকাগুলো থেকে ৭ লাখ শিশুকে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে। বোমা হামলা
এবং গোলাগুলি থেকে তাদের সুরক্ষার জন্যই এটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে গার্ডিয়ান আরো জানায়, মস্কো বলেছে, ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ার ভূখণ্ডে আনার কারণ, সংঘাতপূর্ণ
অঞ্চলগুলো থেকে অনাথ শিশুদের রক্ষা করা।
অবশ্য ইউক্রেনের অভিযোগ এসব শিশুদের মধ্যে
অনেককেই জোর করে স্থানান্তর করা হয়েছে। একই কথা বলছে ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র।
তারা বলেছে, হাজার হাজার শিশুকে তাদের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে
শুরু হওয়া যুদ্ধের পর প্রথম কয়েক মাসে এসব শিশুদের বেশিরভাগকে সরানো হয়েছে। ওই সময়
শিশু ছাড়াও সাধারণ মানুষ ইউক্রেন থেকে রাশিয়ায় চলে গিয়েছে।
গত বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল,
তাদের ধারণা, ওই সময় পর্যন্ত রাশিয়া ২ লাখ ৬০ হাজার শিশুকে ইউক্রেন থেকে জোর করে সরিয়ে
নেয়া হয়েছে।










