রুশ বিমানবাহিনীর সাহায্য নিয়ে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখলে নিয়েছে আধাসামরিক ওয়াগনার গোষ্ঠী। বিষয়টি স্বীকার করে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, বাখমুত এখন শুধু আমাদের হৃদয়ে রয়েছে। খবর এপি।

আজ রোববার (২১ মে) জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বক্তৃতাকালে জেলেনস্কি এ তথ্য জানান।

তিনি বলেন, শহরটিতে আর কিছু অবশিষ্ট নেই। সবকিছু ধ্বংস হয়ে গেছে।

এর আগে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝেনি বাখমুত দখলের দাবি করেন। তখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছিল, লড়াই অব্যাহত রয়েছে।

বাইডেন ইউক্রেনের জন্য আরো সাড়ে ৩৭ কোটি ডলার সাহায্য ঘোষণা দিয়েছেন আজ। এর মাঝে গোলাবারুদ, কামান ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত রয়েছে। এমন ঘোষণার পর বাখমুতের পতন নিশ্চিত করেন জেলেনস্কি।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ওই সময় থেকে বাখমুতে আট মাসের যুদ্ধ চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও সম্ভবত সবচেয়ে রক্তক্ষয়ী।

বিশ্লেষকরা বলছেন, বাখমুতের পতন হওয়ার কথা ছিল। রাশিয়ার জয় এড়ানোর সম্ভাবনা কম ছিল।

তারা এও বলছেন, বাখমুত রাশিয়ার জন্য কৌশলগতভাবে ততটা গুরুত্বপূর্ণ না হলেও হারাতে হয়েছে অনেককিছু্।

পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, এ অঞ্চলে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহতের শিকার হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীকেও দিতে হয়েছে চড়া মূল্য।

বর্তমানে বাখমুতের খুব কম ভবনই অক্ষত রয়েছে। বেশির ভাগ বাসিন্দাই বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।