বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে জাপানের তোমিকা ইতোওকা ১১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জাপানি এই নারী ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের প্রবীণতম ব্যক্তি। খবর আল জাজিরা।

জাপানের মধ্যাঞ্চলের হিওগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি প্রবীণ নিবাসে গত ২৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন বলে জাপানের বয়স্ক নীতিমালা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়োশিৎসুগু নাগাতা জানিয়েছেন।

তোমিকো ইতোওকা ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেছিলেন। কলা এবং ক্যালপিস নামে দইয়ের স্বাদযুক্ত এক ধরনের জাপানি পানীয় ভালোবাসতেন তিনি। গত বছর ১১৭ বছর বয়সে মারিয়া ব্রানিয়াসের মৃত্যুর পর তোমিকো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান, যা জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ নিশ্চিত করেছিল।

ইতোওকাকে যখন জানানো হয়েছিল যে, তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তখন তিনি শুধু বলেছিলেন, ধন্যবাদ।

ওসাকা শহরে জন্মগ্রহণকারী ইতোওকা স্কুলে পড়ার সময় ভলিবল খেলতেন। তিনি দুইবার ৩ হাজার ৬৭ মিটার (১০,০৬২ ফুট) উচ্চতার মাউন্ট ওনটাকে আরোহণ করেছিলেন।

২০ বছর বয়সে বিয়ে করেন তিনি। তার দুই মেয়ে ও দুই ছেলে ছিল বলে গিনেস জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করতেন।

১৯৭৯ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি নারা শহরে একা বসবাস করতেন। তিনি এক পুত্র, এক কন্যা এবং পাঁচজন নাতি-নাতনি রেখে গেছেন।

ইতোওকা শুধু বিশ্বযুদ্ধ নয়, মহামারী এবং প্রযুক্তি বিপ্লবেরও সাক্ষী।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ব্রাজিলের ১১৬ বছর বয়সী ইনাহ কানাবারো লুকাস, যিনি ইতোওকার ১৬ দিন পরে জন্মগ্রহণ করেছিলেন।