ভারতে গাছের নিচে চাপা পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। গাছটির চাপায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। রোববার (৯ এপ্রিল) মহারাষ্ট্রের আকোলায় ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটি মন্দিরে জড়ো হয়েছিলেন বেশকিছু মানুষ। হঠাৎ বৃষ্টি এলে একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেন তাদের অনেকে। এ সময় পাশের বড় একটি গাছ হঠাৎ উপড়ে ওই টিনের চালার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস। ফাদনবিস বলেছেন, এ ঘটনা বেদনাদায়ক। আমি নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এক ঘোষণায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।










