একসময় ইংরেজির শিক্ষক ছিলেন তিনি। সেখান থেকে উদ্যোক্তা হয়ে উঠে আসা। তারপর আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতার তালিকায় নাম লেখালেন। জায়গা করেন নিলেন বিশ্বমঞ্চে। তারপর অন্তরালে চলে যান। শোনা গেল তিনি জাপানে আছেন। এবার খবর এল চীনা সেই ধনকুবের জ্যাক মা শিক্ষা ও গবেষণায় যোগ দিচ্ছেন। খবর বিজনেস ইনসাইডার।
প্রতিবেদনে বলা হয়, জ্যাক মা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত টোকিও কলেজে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টোকিও কলেজ এক বিবৃতিতে বলেছে, জ্যাক মা টেকসই কৃষি ও খাদ্য উৎপাদন বিষয়ে গবেষণায় ভূমিকা রাখবেন। তার দায়িত্ব ১ মে থেকে শুরু হচ্ছে। ২০১৯ সালে আলিবাবা থেকে অবসর নেয়ার পর ৫৮ বছর বয়সী জ্যাক মা ফের শিক্ষকতায় ফিরলেন।
গবেষক-গবেষণা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে টোকিও কলেজটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।










