লন্ডনে ফিলিস্তিনপন্থী অনশনরত কর্মীদের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ব্রিটিশ সরকারের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘ফিলিস্তিন অ্যাকশন’ সংগঠনটি নিষিদ্ধ করার পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত গ্রেফতারের ঘটনা। খবর ফার্স্টপোস্ট।
গতকাল লন্ডনের বাণিজ্যিক এলাকায় ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ আয়োজিত কর্মসূচি চলাকালীন গ্রেটা থুনবার্গকে পুলিশ হেফাজতে নেয়া হয়। বিক্ষোভটি মূলত কারাগারে অনশনরত ফিলিস্তিনপন্থী কর্মীদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রেটা থুনবার্গ উপস্থিত হলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ চলাকালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়। তখন তার হাতে ছিল একটি প্ল্যাকার্ড, যেখানে ফিলিস্তিন অ্যাকশনসংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থন ও গণহত্যা সম্পর্কিত স্লোগান ছিল।
পরে পুলিশ নিশ্চিত করে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে বার্তা প্রদর্শনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সিটি অব লন্ডন পুলিশের তথ্যানুযায়ী, ওই এলাকায় একটি ভবনে হাতুড়ি ও লাল রঙ ব্যবহার করে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে তিনজনকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয়া হয়। পরে গ্রেটা থুনবার্গ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে আলাদাভাবে গ্রেফতার করা হয়।










