অস্ট্রেলিয়ায় একটি বিয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে।  স্থানীয় সময় রোববার রাতে দেশটির ওয়াইন অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি। 
পুলিশ বলছে, রোববার রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন ওই বাসের যাত্রীরা। সে সময় নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, অতিথিরা ‘সম্ভবত রাতে অবস্থানের জন্য’ সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। একটি মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেয়ার সময় বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার সময় সেখানে ঘন কুয়াশা ছিল বলে জানা গেছে।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, এরকম একটি সুন্দর জায়গায় একটি আনন্দের দিন এমন ভয়ানক প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়া সত্যিই দুঃখজনক। এমনটা আশা করা যায় না।