হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ সাম্প্রতিক
যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। দুপক্ষেই হতাহতের সংখ্যা কয়েক হাজার। নিজেদের
ঘোষিত সর্বাত্মক যুদ্ধে গাজায় ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ ওঠেছে ইসরাইলের
বিরুদ্ধে। খবর আলজাজিরা।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত
দিয়ে আজ বুধবার (১১ অক্টোবর) সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজার আল-কারামা এলাকায় গত রাতে
সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-কারামার
বোমা হামলার একটি ভিডিও পোস্ট করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সে। তবে আল জাজিরা
তৎক্ষণিকভাবে খবরটির সত্যতা যাচাই করতে পারেনি।
সাদা ফসফরাস মারাত্মক আগ্নেয়াস্ত্র
হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক নীতি অনুসারে বেসামরিক কোনো স্থানে থাকা সামরিক লক্ষবস্তুতে
এ বোমার ব্যবহার নিষিদ্ধ।
এছাড়া মানবাধিকার গোষ্ঠীর মতে, সাদা
ফসফরাস সমৃদ্ধ অস্ত্র বেসামরিক এলাকায় ব্যবহার যুদ্ধাপরাধ।
এদিকে হামাসের হামলার জবাবে ইসরায়েল
এরই মধ্যে কয়েক লাখ সেনা মোতায়ন করেছে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, হামাসের
বিরুদ্ধে অভিযানে যোগ দিয়েছে তিন লাখ সেনা।
এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইসরায়েলি
এ মুখপাত্র জানান, আমাদের পদাতিক, সাঁজোয়া বাহিনীর তিন লাখ সৈন্য এরই মধ্যে গাজা উপত্যকা
ঘিরে ফেলেছে। তারা অভিযান শুরু করতে প্রস্তুত।
ইসরাইল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম
দিনে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত ও চার হাজার আহত হয়েছেন।
অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ২০০ ইসরায়েলি।










