পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলার সিউলকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করল যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী আজ শুক্রবার (১৬ জুন) সকালে মার্কিন নৌবাহিনীর একটি পারমাণু চালিত সাবমেরিন বন্দর শহর বুসানে পৌঁছে গেছে। খবর এপি।

খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী। নোঙর করা ইউএসএস মিশিগান পারমাণবিক চালিত গাইডেড মিসাইল সাবমেরিন। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বুসানে পৌঁছেছে এটি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অনমনীয় মনোভাব ও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার কারণে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এ পরিস্থিতিতে মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করলে পিয়ংইয়ং একই জবাবের মুখোমুখি হবে এবং উত্তর কোরিয়ার বর্তমান সরকারের ‘অবসান’ ঘটবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে ওয়াশিংটন সিউলের নেতাদের সাক্ষরিত ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসেবে বুসানে এসেছে ইউএসএস মিশিগান।

১৮ হাজার টন ওজনের সাবমেরিনটি প্রায় ১৭০ মিটার দীর্ঘ। এটি আড়াই হাজার কিলোমিটার পাল্লার ১৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

উত্তর কোরিয়া চলতি বছর একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া অব্যাহত রেখেছে সামরিক গুপ্তচর উপগ্রহ পরীক্ষা।

গতকাল চলমান মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং।