জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া হিসেবে বিশ্বব্যাপী উষ্ণায়ন ক্রমাগত বাড়ছে। নাগরিক জীবন থেকে প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব লক্ষণীয়। এর মধ্যে আরেক বিপদের আভাস দিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। বিশ্ব আবহাওয়াবিষয়ক সংস্থাটি জানিয়েছে, এটা নিশ্চিত যে ২০২৩-২৭ সাল পর্যন্ত এই পাঁচ বছর হবে পৃথিবীর সবচেয়ে উষ্ণ সময়কাল। এ সময়ে ‘গ্রিনহাউজ গ্যাস’ এবং ‘এল নিনো’ একত্রে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, আগামী পাঁচ বছরে বৈশ্বিক তাপমাত্রা প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। এর আগে ২০১৫-২২ সালের মধ্যে সবচেয়ে উষ্ণ আট বছর রেকর্ড করা হয়েছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরো বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ডব্লিউএমও বলছে, এ পাঁচ বছরের মধ্যে কমপক্ষে এক বছর বা পুরো পাঁচ বছর অত্যন্ত উষ্ণ হবে এমন সম্ভাবনা ৯৮ শতাংশ। ২০১৫ সালে প্যারিস চুক্তিতে সদস্য দেশগুলো ১৮৫০-১৯০০ সালের তাপমাত্রার গড়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেন্টিগ্রেডের কম এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের রাখার বিষয়ে সম্মত হয়েছিল। তবে ২০২২ সালে দেখা যায়, বৈশ্বিক গড় তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের গড়ের তুলনায় ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়ে যায়। 

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩-২৭ পর্যন্ত অন্তত এক বছরের জন্য বার্ষিক বৈশ্বিক পৃষ্ঠের তাপমাত্রার গড় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এমন সম্ভাবনা ৬৬ শতাংশ। এ সময়ে তাপমাত্রার গড় ১ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ১ দশমিক ৮ ডিগ্রি সেন্টিগ্রেড স্তরে থাকবে। এ বিষয়ে ডব্লিউএমও প্রধান পেতেরি ট্যালাস বলেন, ‘যদিও এর অর্থ এই নয় যে, বিশ্ব চিরকালের জন্য প্যারিসের মাইলফলক অতিক্রম করবে। তবে ডব্লিউএমও সতর্ক করেছে, অস্থায়ীভাবে বৈশ্বিক তাপমাত্রার গড় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাবে।’

পেতেরি ট্যালাস বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে এল নিনোর তাপমাত্রা বাড়বে। পাশাপাশি মনুষ্যসৃষ্ট কারণে জলবায়ুর ক্ষতির ফলে বৈশ্বিক উষ্ণায়ন আগের সীমা অতিক্রম করবে। এর ফলে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের ওপর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’

এল নিনো হলো মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের উচ্চ তাপমাত্রা। এ ধরনের আবহাওয়া ঘটনা সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর ঘটে। স্প্যানিশ ভাষায় ‘এল নিনো’ মানে ছেলে আর এর বিপরীত ‘লা নিনা’ মানে মেয়ে। মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রার ওপর নির্ভর করে এদের সংজ্ঞা। এল নিনো এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ও পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব ঘটে। অন্যদিকে লা নিনা এক প্রকার শীতল সমুদ্র স্রোত। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে ও পূর্ব উপকূলে শুষ্ক পরিস্থিতির তৈরি হয়।

ডব্লিউএমও গত মাসে বলেছিল, জুলাইয়ের শেষ নাগাদ এল নিনোর সম্ভাবনা ৬০ শতাংশ এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ ৮০ শতাংশ। সাধারণত এল নিনোর বিকাশের পর বার্ষিক বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে তোলে, যা এই চক্রের মধ্যে হবে ২০২৪ সালে।

গত তিন বছরে লা নিনার শীতল প্রভাব সত্ত্বেও ২০১৫ সাল থেকে সর্বকালের উষ্ণতম আট বছর রেকর্ড করা হয়েছে। গ্রিনহাউজ গ্যাসের কারণে তাপ বায়ুমণ্ডলে আটকে যায়। বর্তমানে যা রেকর্ড উচ্চতায় রয়েছে।

ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩ সালে তাপমাত্রা আলাস্কা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ ছাড়া প্রায় সব অঞ্চলে ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় বেশি হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ গড়ের তুলনায় শীতল থাকবে।