ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা রোববার (১১ মে) শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘কঠিন কিন্তু ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছে। খবর আল জাজিরা।
প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ‘উভয় পক্ষের অবস্থান বুঝতে এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে এটি ছিল গুরুত্বপূর্ণ এক সংলাপ।‘
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার আগে বলেন, ‘পারমাণবিক সমৃদ্ধিকরণ ইরানের আইনগত অধিকার এবং এটি কোনো চুক্তির আওতায় আনা যাবে না।‘ তিনি জানান, ইরান পরমাণু বোমা তৈরি করবে না—এই নিশ্চয়তা দিতেও তারা প্রস্তুত।
২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচি চালাতে পারবে, তবে সমৃদ্ধিকরণ সীমিত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন।
আরাকচি আরো বলেন, ইরান তার অবস্থান ব্যাখ্যা করতে সৌদি আরব ও কাতারে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনাগুলো এখনো ওমানের মধ্যস্থতায় ‘পরোক্ষভাবে’ অনুষ্ঠিত হচ্ছে। তবে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও অন্যান্য কর্মকর্তাদের গণমাধ্যমে দেয়া বক্তব্য প্রায়ই পরস্পরবিরোধী।
উল্লেখ্য, উইটকফ সম্প্রতি নাটাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানের স্থাপনাসহ ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়ার আহ্বান জানান।















