ওমান উপসাগরে বিপুল পরিমাণ 'অবৈধ' ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। সেই সঙ্গে জাহাজটির ১৮ জন ক্রুর সবাইকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন। খবর রয়টার্স।

হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে শনিবার ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাংকারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাংকারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। ট্যাংকারটি ‘থামার আদেশ অগ্রাহ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র না থাকার’ মতো একাধিক বিধি লঙ্ঘন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ট্যাংকার জাহাজটি কোন দেশের সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।