যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক। গত বুধবার টিউলিপের পদত্যাগসংক্রান্ত মারিও নওফল নামের একজন ‘এক্স’ ব্যবহারকারীর একটি পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এ প্রধান নির্বাহী কর্মকর্তা। সঙ্গে তিনি লেখেন, ‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক সিটি মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। কিন্তু তার বিরুদ্ধেই ওঠে দুর্নীতির অভিযোগ।

শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ। তবে পদত্যাগের পরও সমালোচনা পিছু ছাড়েনি তার। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রীর দুর্নীতির অভিযোগে পদত্যাগের খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার।