লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে গ্রিস উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এ ঘটনায় পাঁচ শতাধিক অভিবাসীপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক। খবর বিবিসি।
মানবাধিকার সংস্থার মুখপাত্র জেরেমি লরেন্স জানান, ‘ভয়াবহ বিয়োগান্তক’ এ ঘটনায় নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছে। এ প্রাণহানির দায়ে মানব পাচারকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে যোগ করেন এ ধরনের ঘটনায় সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার একটি ‘আইনি ও অবশ্যপালনীয় মানবিক’ দায়িত্ব।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে এক যৌথ বিবৃতিতে শরণার্থী সংস্থাটি বলেছে, প্রাণহানি রোধ করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে হবে। জানা গেছে, ৭৫০ জন আরোহী নিয়ে মাছ ধরার একটি নৌকা দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। এ ঘটনায় কোস্টগার্ডের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।
এর আগে কোস্টগার্ড জানিয়েছিল, সাহায্যের প্রস্তাব দিলে নৌকা থেকে বলা হয়, তারা ইতালি যাওয়া ছাড়া আর কিছুই চায় না। এর ঘণ্টাখানেক পরে নৌকাটি ডুবে যায়। তবে নৌকার সঙ্গে কোস্টগার্ডের জাহাজের দড়ি বাঁধা ছিল বা এর সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা এমন বিষয়ে জোরালো সমালোচনা চলছে গ্রিসে।
গ্রিসের তত্ত্বাবধায়ক সরকারপ্রধান আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাটি কী কারণে ডুবেছে সেটি জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।’ জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে গ্রিসের কয়েকজন চিকিৎসক জানান, ওই নৌকায় কমপক্ষে ১০০ শিশু ছিল। হেলেনিক রেড ক্রসের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বলেন, ‘বেঁচে যাওয়াদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। জানা গেছে, পুরুষদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় ডেকের নিচে ছিল নারী ও শিশুরা। এ কারণে দ্রুত ডুবে যাওয়া নৌকা থেকে তারা বের হতে পারেনি।’
১৩ জুন গভীর রাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখতে পায়। ওই নৌকায় কারো লাইফ জ্যাকেট ছিল না বলে জানায় কোস্টগার্ড। নৌকাটি লিবিয়া থেকে ইতালির দিকে যাচ্ছিল। এর আরোহীদের অধিকাংশই ২০ বছর বয়সী পুরুষ।
গ্রিসের টিভি জানিয়েছে, মানব পাচারে জড়িত সন্দেহে বেশ কয়েকজন মিসরীয়সহ নয়জনকে আটক করা হয়েছে। প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী নিহত হয়। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইতালিতে অভিবাসী বহনকারী নৌকা ডুবে কমপক্ষে ৯৪ জন মারা যায়। রেকর্ডকৃত সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর অন্যতম এটি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর ইউরোপের উন্নত দেশগুলোতে ৭০ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসী এসেছে। যাদের বেশির ভাগই ইতালিতে প্রবেশ করে।










