আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, লাহোরের উচ্চ আদালত ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছেন তাকে। 

গতকাল সোমবার (১৫ মে) আদালত বুশরা বিবির জামিনের এ আবেদন মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান দুই সপ্তাহের জামিন পেয়েছেন।

বুশরার আইনজীবী ইন্তিজার হোসেন পাঞ্জুথা জানান, আমরা আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবির জন্য প্রতিরক্ষামূলক জামিনের জন্য অনুরোধ জানিয়েছিলাম। লাহোর হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ২৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট এ মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন। এর আগের দিন পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে অবৈধ ও বেআইনি বলে মন্তব্য করেছিলেন।