লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে সংযত থাকতে বলেছে সৌদি আরব। হামাস-ইসরায়েলের যুদ্ধের মধ্যে বাড়তি কোনো সংঘাত না যেন না হয় এ কারণে এমন আহ্বান জানিয়েছে রিয়াদ। খবর রয়টার্স।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর রেশ ছড়িয়ে পড়ে। ফলে ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য তৎপরতা শুরু করেছে। তারা লোহিত সাগরে বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ এনে একটি জাহাজ আটকও করেছে।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেল রফতানি করা রিয়াদ হুতিদের হুমকি হিসেবে দেখছে। কারণ হুতিরা সৌদি আরবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার ফলে লোহিত সাগরে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে। কারণ এ অঞ্চল দিয়ে বিশ্বের অধিকাংশ জাহাজ চলাচল করে।
দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিদের এমন কার্যকলাপের পর ওয়াশিংটনকে নতুন করে কোনো পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে সতর্ক করেছে সৌদি আরব। সূত্রটি আরও জানায়, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এতদিন ধরে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সন্তুষ্ট ছিল সৌদি।










