কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত এলাকায়
দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহন ও পথচারীদের
চাপা দিলে ব্যাপক হতাহতের এ ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকা ও আনাদোলু।
কেরিচো ও নাকুরু শহরের সংযোগকারী মহাসড়কে
গত শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তখন স্থানীয় পুলিশ কমান্ডার জেফরি
মায়েক ৪৮ জন নিহতের কথা নিশ্চিত করেন। পরে এই সংখ্যা বেড়ে ৫২-তে দাঁড়ায়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, আরো ৩০ ব্যক্তি
গুরুতর আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার টম এমবয়া ওদেরো
জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আটটি যানবাহন, একাধিক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সড়কের
পাশে থাকা মানুষ, দোকানি ও অন্যান্য কাজে ব্যস্ত মানুষদের চাপা দেয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট
উইলিয়াম রুটো।
কেনিয়ার জাতীয় পরিবহন ও নিরাপত্তা কর্তৃপক্ষের
তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে অন্তত ২১ হাজার ৭৬০ জন মানুষ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
এর মধ্যে নিহত হন ৪ হাজার ৬৯০ জন।










