জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুনে শিক্ষা ও সাংস্কৃতিক সেক্টরে কাজ করা শত শত জার্মানকে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে। এছাড়া জুনের শুরুতেই জার্মান কর্মীদের সংখ্যা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বহিষ্কার হওয়ার অপেক্ষায় থাকা এসব কর্মীর মধ্যে রয়েছেন মস্কোর জার্মান স্কুলের শিক্ষক ও গোয়েথ ইনস্টিটিউট সাংস্কৃতিক সংস্থার কর্মীরা। খবর বিবিসি।

রাশিয়া ও জার্মানির মধ্যে কূটনীতিকদের বহিষ্কার ও ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত মাসে, রাশিয়া ও জার্মানি তাদের নিজ দূতাবাসের ৪০ জন কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসেবে ঘোষণা করে এবং তাদের বহিষ্কার করে।

জার্ম‌ানির একটি স্থানীয় পত্রিকা জানিয়েছে, রাশিয়ার নতুন এ পদক্ষেপ কয়েকজন কূটনীতিক ও কর্মচারীসহ কমপক্ষে তিন অংকের সংখ্যা প্রভাবিত করবে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলছে, একতরফা ও অযৌক্তিক এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফেডারেল সরকার এখন রাশিয়ায় মধ্যস্থতাকারীদের ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করতে ও একই সঙ্গে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখার কথা ভাবছে।

জার্মানিতে সর্বোচ্চসংখ্যক রুশ নাগরিকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় মন্ত্রণালয় বলেছে, সিদ্ধান্তটি বাস্তব ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি ইইউ দেশ রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে। ২০২২ সালের মার্চে চারটি ইইউ দেশ থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪০ জনেরও বেশি কূটনীতিককে বহিষ্কারের আদেশ জারি হয়েছিল।