বিহারের রঘুনাথপুর দুর্ঘটনায় পড়েছে
নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। এতে লাইনচ্যুত হয়েছে ২১টি বগি। মারা গেছেন ৬
যাত্রী, আহত হয়েছেন অন্তত ১০০ জন। গতকাল বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ
দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়,
দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট ও আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই পরিস্থিতিতে ট্রেনের শিডিউল বদলে গেছে বা পথ ঘুরিয়ে দেয়া হয়েছে। আবার কিছু ট্রেন
বাতিল করা হয়েছে।
কী কারণে এ দুর্ঘটনা বা বগি লাইনচ্যুত
হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে উদ্ধার ও পরিষেবা স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।
আসাম থেকে দিল্লির মধ্যে চলাচল করে
নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথের একটা অংশের অবস্থান পশ্চিমবঙ্গে।
এর আগে গত ২ জুন ওড়িশায় একটি মালবাহী
ও দুটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৮৯ জন নিহত ও ৯০০ জনেরও বেশি আহত
হয়। যা ভারতের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা।










