গাজা উপত্যকার প্রাচীনতম গির্জা সেইন্ট পোরফিরিয়াসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে গির্জাটি খ্রিস্টান-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ঐতিহাসিক গির্জাটি ১১৫০ থেকে ১১৬০ সালের মাঝে নির্মিত। পঞ্চম শতাব্দির বিশপ সেইন্ট পোরফিরিয়াসের নামে স্থাপনাটির নামকরণ হয়।  

চলমান সংঘাত শুরুর পর ইসরাইল পোরফিরিয়াস গির্জাকে তাদের লক্ষ্যবস্তু করতে পারে বলে গ্রিক অর্থোডক্স প্রিস্ট গুরু ইলিয়াস আশংকা প্রকাশ করেছিলেন। এ ধর্মীয় গুরু বলেন, এটি শুধু ধর্মীয় স্থাপনার ওপর হামলা নয় এটা সমগ্র মানবজাতির ওপর হামলার শামিল।

কয়েক দশকের মধ্যে ভয়াবহ এ সংঘাতের শুরু গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলা থেকে। এতে এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিন হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিহতদের মধ্যে এক হাজার নারী ও এক হাজার ৫২৪টি শিশুও রয়েছে।