আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচার হামলায় মৃত্যু ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। নিহতের তালিকায় রয়েছে নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু।  গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে তারা প্রাণ হারিয়েছেন। খবর  আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে বলে গাজার মিডিয়া অফিস বুধবার জানিয়েছে। এছাড়া নিহতের মধ্যে চার হাজার শিক্ষার্থীও রয়েছেন।

গাজার মিডিয়া অফিস বলেছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে।’ ৮২ দিন ধরে চলমান এই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা করেছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।