দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় আক্রান্ত হয়েছে তিন বাণিজ্যিক জাহাজ। গতকাল রোববার (৩ ডিসেম্বর) এ হামলার খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসময় ইসরায়েলি দুটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। খবর রয়টার্স।

মার্কিন সেনারা জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যের ডাকে সাড়া দেয় যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি অধিকৃত অঞ্চল থেকে এসব হামলা করা হয়েছে বলেও দাবি যুক্তরাষ্ট্রের।

এদিকে এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র জানান, ইয়েমেনের জনগণের দাবি ও ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী দেশগুলোকে আহ্বান জানাতে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কার্নি তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু ছিল কিনা তা স্পষ্ট নয়।

আরো বলা হয়, হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ইয়েমেনের হুথিদের এ হামলার পেছনে ইরানের যুক্ত রয়েছে, এ ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে।"আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ হামলার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র।

এর আগেও লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা করেছে হুথিরা। মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে তারা। এ সব ঘটনায় বরাবরই ইরানের সংশ্লিষ্টতার দাবি করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে তেহরান সেই দাবি নাকচ করে দিয়েছে।