একটি প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতার সময়
বাধা পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে থামিয়ে দিয়ে গাজায় যুদ্ধবিরতির
দাবি জানান এক নারী, যিনি নিজেকে ‘রাব্বি’ বা ইহুদি ধর্মীয় ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন।
গতকাল বুধবার (১ নভেম্বর) মিনেসোটায়
ওই অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। বক্তৃতার একপর্যায়ে ওই নারী বলেন, আপনি ইহুদিদের জন্য
চিন্তা করছেন। একজন রাব্বি হিসেবে আপনার কাছে এখনই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।
পরে সাংবাদিকদের কাছে নিজেকে রাব্বি
জেসিকা রোজেনবার্গ হিসেবে নিজের পরিচয় দেন তিনি।
তবে সরাসরি ‘যুদ্ধবিরতি’ প্রসঙ্গে মন্তব্য
করেননি বাইডেন। তিনি বলেন, আমি মনে করি আমাদের একটি বিরতি দরকার। একটি বিরতি মানে বন্দিদের
বের করার জন্য সময় দেয়া।
হোয়াইট হাউজ পরে স্পষ্ট করে জানায় যে হামাসের হাতে থাকা ২৪০ জিম্মির কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট।
‘যুদ্ধবিরতি’ চাওয়ায় রোজেনবার্গকে অনুষ্ঠানস্থল
থেকে সরিয়ে দেয়া হয়। বের হয়ে যাওয়ার সময় তিনি বারবার ‘যুদ্ধবিরতি’র দাবি তোলেন। বাইডেনের
মতে, পরিস্থিতি ইসরায়েলের পাশাপাশি মুসলিম বিশ্বের জন্যও ‘অবিশ্বাস্যভাবে জটিল’।
তিনি বলেন, আমি প্রথম থেকেই দুই রাষ্ট্র
সমাধানে সমর্থন করেছিলাম। বিষয়টি হলো হামাস একটি সন্ত্রাসী সংগঠন। খোলাখুলিভাবে সন্ত্রাসী
সংগঠন।
জেসিকা রোজেনবার্গ ‘রিকনস্ট্রাকশনিস্ট’
ধারার রাব্বি। যারা মনে করেন, ইসরায়েলের দখলদারিত্বের কারণেই গাজার বর্তমান সংকট।









