ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী দিল্লির সরকারি বাংলো ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘মোদি পদবি’ নিয়ে মন্তব্যের কারণে মানহানি মামলা সাজার রায় স্থগিত রাখার আবেদন আদালত খারিজ করে দেয়ার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত নেন রাহুল। স্থানীয় সময় আগামীকাল শনিবার সকালেই তিনি দিল্লির তুঘলক লেনের বাংলোটি ছেড়ে দেবেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। খবর এনডিটিভি।

গণমাধ্যমটি জানায়, মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের শাস্তি হওয়ায় ভারতীয় সুপ্রিম কোর্টের এক রায় অনুযায়ী রাহুল (৫২) লোকসভার সদস্য পদে থাকার যোগ্যতা হারান। গুজরাটের সুরাট জেলার ম্যাজিস্ট্রেট আদালত ২৩ মার্চ ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণার পর রাহুল বাংলো ছাড়ার নোটিশ পান ২৭ মার্চ। পরে ওই আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় বেঁধে দিয়েছিল, ওই চ্যালেঞ্জে গতকাল বৃহস্পতিবার হারেন রাহুল। ফলে তার লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত রুদ্ধ হয়ে যায়।

এ রায়ের পর আগামী বছর তিনি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তবে সব আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে না।

উল্লেখ, প্রায় চার বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক পুর্ণেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। অভিযোগ ছিল, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারণা চলাকালে কর্ণাটকের কোলারে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাহুল। রাহুলের ওই মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘মোদি’ পদবিধারী অন্যদের জন্য অপমানজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়।