ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মিয়ানমারের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ঝড়ে গাছ ভেঙে পড়ে রাখাইন রাজ্যে অন্তত তিন জন মারা গিয়েছেন। এছাড়া রাজ্যটির থানদউয়ে বিমানবন্দরের একটি ভবন ঝড়ে ধসে পড়েছে।

আজ রোববার (১৪ মে) সকাল থেকেই মোখার প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে বেশকিছু বিদ্যুতের খুঁটি। প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ, ইতোমধ্যে সিতওয়েতে হাঁটু পানি জমে গেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টিনের এবং কাঠের বাড়িঘর। অনেক বাড়িরই টিনের চাল উড়ে গিয়েছে। রাজ্যটির রাজধানী সিতুয়াতে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ারও।

দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই। ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ইন্টারনেট সংযোগের জন্য দেশটির বেশিরভাগ এলাকায়ই এখন একমাত্র ভরসা মোবাইল নেটওয়ার্ক।

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় মিয়ানমারের উপকূল ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে জলোচ্ছ্বাস হবে। তবে এর প্রভাবে বাংলাদেশের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারের উপকূল এলাকা। আবহাওয়া অধিদপ্তর ফেসবুকে জানিয়েছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশে জলোচ্ছ্বাসের উচ্চতা কমপক্ষে ১-২ মিটার কম হবে।