তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানে সংঘর্ষরত পক্ষগুলো। গতকাল সোমবার (২৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, ৪৮ ঘণ্টা ধরে আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৪ এপ্রিল মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি অন্তত ৭২ ঘণ্টা স্থায়ী হবে।

১৫ এপ্রিল থেকে চলমান সংঘর্ষে দেশটিতে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের মুখে সুদান ছেড়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এরই মধ্যে ৬টি সামরিক বিমানে করে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। অন্যদিকে, সৌদি আরবের উদ্যোগে সরানো হয়েছে জর্ডানসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের। বাংলাদেশ থেকেও সুদান ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। 

এদিকে সুদান বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, আফ্রিকার দেশ সুদানে ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকেই সামরিক জেনারেলদের পরিচালিত সভরিন কাউন্সিল নামে একটি পরিষদ দেশটিকে পরিচালনা করছে। এ কাউন্সিলের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান।

অন্যদিকে ওই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালু। তিনি এক সময় দেশটির সাবেক স্বৈরশাসক ওমর আল বশিরের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল দাগালু ‘হেমেতি’ নামে অধিক পরিচিত। 

সভরিন কাউন্সিল চায়, দুই বছরের মধ্যে আধা সামরিক বাহিনী আরএসএফকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। তবে আরএসএফ চায় অন্তত আরো ১০ বছর পর প্রক্রিয়াটি শুরু হোক। পক্ষ দুটির সাম্প্রতিক দ্বন্দ্বের মূল কারণ এটিই।

সুদানে বেসামরিক শাসনে ফেরার প্রস্তাবিত পদক্ষেপের মূলে আছে আরএসএফকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি। কিন্তু এর সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ গভীর ফাটলকেই সামনে এনেছে।

দাগালুর উত্থান শুরু হয়েছিল এই শতকের প্রথম দশকের গোড়ার দিকে। তখন তিনি দারফুর সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কুখ্যাত জানজাওয়েদ বাহিনীর নেতা ছিলেন। ২০১৯ সালে গণতন্ত্রপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি করে কমপক্ষে ১১৮ জনকে হত্যা করেছিল তার দল।

সুদানের সেনাবাহিনী দাগালুর আরএসএফকে দেশের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’ করার জন্য অভিযুক্ত করেছে। পাশাপাশি দলটি ভেঙে দেয়ারও দাবি করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, দাগালুর বিদ্রোহী মিলিশিয়াকে ভেঙে দেয়ার আগে কোনো আলোচনা বা সংলাপ হবে না। দাগালুকে ‘পলাতক অপরাধী’ অভিহিত করে ওয়ান্টেড পোস্টারও জারি করে সেনাবাহিনী।

সুদানের সামরিক বাহিনীর এমন অবস্থানের ফলে দেশটিতে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত মিলছে। কারণ আধা সামরিক বাহিনী হলেও সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী আরএসএফের।