আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-২৯)। সেখানে দেয়া ভাষণে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা প্রশ্ন তুলেছেন যে, বিশ্বের সবচেয়ে বড় দূষণকারীরা যদি দূষণ চালিয়েই যায়, তাদের যদি থামানো না যায় তবে জলবায়ু সম্মেলনের যৌক্তিকতা কী। খবর দ্য গার্ডিয়ান।

আজ স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) কপ-২৯ সম্মেলনে লিখিত ভাষণ পাঠ করেননি আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। বরং তিনি বলেছেন যে, গতকাল কপ-২৯ সম্মেলনস্থল সংলগ্ন কক্ষে আরামদায়ক সোফায় বসে পর্দায় নেতাদের বক্তব্য দেখার পর তিনি তার ‘সুন্দরভাবে সাজানো’ বক্তৃতা পাঠ না করার সিদ্ধান্ত নেন।

এডি রামা তার বক্তব্যে বলেন, ‘এখানে লোকজন খায়, পান করে, একে অন্যের সঙ্গে দেখা করে এবং একসঙ্গে ছবি তোলে— তখন পর্দায় সেইসব নেতার ছবি চলতে থাকে যাদের কথা শোনা হয় না। ঠিক যেভাবে প্রতিদিন সবকিছু বাস্তব জগতে ঘটে, আমার কাছে বিষয়টিকে তেমনই মনে হয়েছে। জীবন চলতে থাকে আমাদের পুরনো অভ্যাসের মতোই। কিছুই পাল্টায় না। এবং আমাদের বক্তৃতা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সম্পর্কে ভালো ভালো কথাগুলো আদতে কিছুই পরিবর্তন করে না।‘

গতকাল জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের দিকে ইঙ্গিত করেছেন এডি রামা, যেখানে জাতিসংঘ মহাসচিব তার বক্তব্যে জানিয়েছেন যে, গত বছরের কপ সম্মেলনের সময়ের চেয়ে এবার পৃথিবীতে কার্বন নিঃসরণ বেড়েছে।

এডি রামা প্রশ্ন তোলেন, বিশ্বের সবচেয়ে বড় দূষণকারীরা যদি পরিবেশ দূষণ আগের মতোই অব্যাহত রাখে তাহলে বিশ্বের ভবিষ্যতের জন্য এই জলবায়ু সম্মেলনের অর্থ কী।

তিনি বলেন, ‘বারবার এই সম্মেলনে এসে আমরা আসলে কী করছি, যদি ভাষণ দেয়ার বাইরে গিয়ে সত্যিকারের কাজ করার জন্য আমাদের সম্মিলিত কোনো রাজনৈতিক সদিচ্ছা না থাকে?’