ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের নয়াদিল্লিতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিবিসি হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, কলকাতায় জন্মগ্রহণ করেন মার্ক টালি। ১৯৬৪ সালে বিবিসিতে চাকরি নেন। পরের বছর ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করেছেন তিনি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি একাত্তরের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে। সেই প্রথম এবং শেষবারের মতো পাকিস্তানী সরকার দুজন সাংবাদিককে এ ভূখণ্ডে আসার অনুমতি দিয়েছিল।
মার্ক টালি জানিয়েছিলেন, ১৯৭১ সালের সেই সফরে ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন। সে সময় বিবিসি বাংলাকে তিনি বলেন, পাকিস্তানী সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছল এবং তারা মনে করল যে পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সঙ্গে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।
তিনি আরো বলেন, আমরা যেহেতু স্বাধীনভাবে ঘুরে বেরিয়ে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছি, সেজন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। আমি ঢাকা থেকে রাজশাহী যাবার পথে সড়কের দু’পাশে দেখেছিলাম, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে।
বিবিসি থেকে অবসরে যাওয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি।










