পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বা আগামীকাল সকালে আঘাত হানতে পারে ওই অঞ্চলে। খবর সিএনএন।

বিশেষজ্ঞরা বলছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ইলসা।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বিওএম জানায়, আকরিক লোহা রফতানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে উঠে আসবে এই ঝড়।

আজ প্রথম প্রহরে ঘূর্ণিঝড়টি উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

অস্ট্রেলিয়া ঘূর্ণিঝড়কে শ্রেণীবদ্ধ করার জন্য পাঁচ-স্তরীয় ব্যবস্থা ব্যবহার করে। এ হিসেবে আজ ইলসার অবস্থান চার। মার্কিন স্কেল অনুযায়ীও এটি ক্যাটাগরি চারের হারিকেন।

যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, ভূমিতে উঠার আগে ইলসার গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাবে। তবে উপকূলে যাওয়ার আগে এটি কিছুটা দুর্বল হতে পারে।

বিওএমের সিনিয়র আবহাওয়াবিদ মিরিয়াম ব্র্যাডবেরি গতকাল সতর্ক করে বলেছেন, ঝড় শুধু গাছ ও বৈদ্যুতিক লাইনই আছড়ে ফেলবে না, উঠান ও বাড়ি থেকে জিনিসপত্র উঠিয়ে নিতে পারবে।

বাতাস উঠিয়ে নিতে পারে এমন জিনিসপত্র বেঁধে রাখার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া আদিবাসী অধ্যুষিত, খনি এলাকা, যাজক কেন্দ্র ও পর্যটন অঞ্চলে বিশেষ বার্তা দেয়া হয়েছে। সতর্ক আছে জরুরি পরিষেবাগুলো।

ঝড়ের হুমকিতে থাকা বিদ্যাডাঙ্গা প্রায় ৮৫০ আদিবাসীর বাসস্থান। আশঙ্কায় থাকা পোর্ট হেডল্যান্ডের বাসিন্দা প্রায় ১৬ হাজার মানুষ, যারা মূলত খনি শিল্পের সঙ্গে জড়িত।

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ১৯৬০ সাল থেকে ক্যাটাগরি চার হারিকেনের সমতুল্য ১৩টি ঝড় আঘাত হেনেছে। কিন্তু ২০০৯ সালের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় লরেন্সের পর এটিই প্রথম আঘাত, ওই ঝড়ের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার।

সাম্প্রতিক বছরে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। গত বছর নিউ সাউথ ওয়েলস ওকুইন্সল্যান্ড রাজ্যের কিছু অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।