ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তিনি মনে করেন, ফিলিস্তিনের স্বার্থ উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভি।
পুতিনের দাবি, মার্কিন নীতি মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত কমাতে ব্যর্থ হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারে এ নেতার সম্মতি রয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পুতিন।
মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে ক্রেমলিন কাজ করবে বলে জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
সংকট নিরসনের রাশিয়ার ভূমিকা কী হবে এব্যাপারে বিস্তারিত বলেননি পুতিন। তাকে উদ্ধৃত করে সংঘাত দ্রুত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেছেন পেসকভ।
গত সাত দশক ধরে মার্কিন নীতির ফলে মধ্যপ্রচ্যে সংঘাত বেড়েই চলেছে বলে অভিযোগ তুলেছেন পুতিন। তিনি বলেন, আমি মনে করি মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ওয়াশিংটন ব্যর্থ এটা এখন দিনের আলোর মতো সত্য।
পুতিন মনে করেন, একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার। তবে এই বিষয়টি বরাবরই উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। তারা একপাক্ষিকভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।
ইসরাইল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত ও চার হাজার আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ২০০ ইসরায়েলি।










