কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু। ভারি বর্ষণের জেরে এমন ভূমিধস বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। খবর ভয়েস অব আমেরিকা।
ভূমিধসের ঘটনায় দেশটির মেডেলিন ও কুইবডো শহরের সংযোগকারী সড়ক বন্ধ হয়ে গেছে। আটকে পড়া মানুষের কাছে পৌঁছাতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে কর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ লিখেছেন, ‘এ ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। আটকে পড়াদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এছাড়া দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো প্রোতো চোকো অঞ্চলটিতে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশটিতে বর্তমানে খরা মৌসুম চলছে। তবে পূর্বে প্রশান্ত মহাসাগরীয় ও অ্যামাজন বনের সীমান্তবর্তী এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।










