রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধারা রাজধানী মস্কো অভিমুখে অভিযান বাতিল করেছে। রক্তপাত এড়াতে ওই যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছেন ওয়াগনারের প্রতিষ্ঠতা ইয়েভজেনি প্রিগোজিন। মস্কো অভিমুখে অভিযান থেকে যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজিন যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ফেরত আসার নির্দেশ দিয়েছেন। তাদের নিজেদের ঘাঁটিতে ফিরতে বলা হয়েছে। তিনি দাবি করেছেন, তার যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় মস্কোর দিকে ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছিল।

রুশ সম্প্রচার মাধ্যম রসিয়া ২৪ জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনায় প্রিগোজিন মস্কোর দিকে অগ্রসর না হতে এবং উত্তেজনা প্রশমনে রাজি হয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে সম্মতি দিয়েছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে ক্রেমলিনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সশস্ত্র বিদ্রোহ করায় ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা ও পিঠে ছুরি মারার অভিযোগ এনেছেন পুতিন। এই অভিযোগ অস্বীকার করে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন,  ‘ভুল বিকল্প বেছে নিয়েছেন পুতিন’। তার দাবি, ওয়াগনার যোদ্ধারা বিদ্রোহী নয় তারা রুশ জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত। একইসঙ্গে প্রিগোজিন জানান, দাবি না মানলে যোদ্ধার মস্কো অভিমুখে যাত্রা করবে।

ওয়াগনারের প্রেস সার্ভিসের এক বিবৃতিতে প্রিগোজিন বলেন, মাতৃভূমির সঙ্গে প্রতারণা যে অভিযোগ পুতিন এনেছেন—তাতে পরিষ্কার তিনি অনেক বড় ভুল করছেন। আমরা দেশপ্রেমিক। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।

ওয়াগনারের এই সশস্ত্র বিদ্রোহকে মার্চ অব জাস্টিস বলে অভিহিত করেছেন প্রিগোজিন। তিনি বলেন, আমরা সের্গেই শোইগুর পদত্যাগ চাই। অন্যথায় আমরা মস্কো অভিমুখে এগিয়ে যাব। আমরা রাশিয়াকে রক্ষা করবো।