ফ্রান্সে পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে আটক করা হয়েছে অন্তত ২৯১ জনকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিরাল্ড ডারমানিনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল সোমবার (১ মে) ফ্রান্সে পেনশন পদ্ধতিতে আনা পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়া হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এতো বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা ফ্রান্সে অত্যন্ত বিরল।


সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাম্প্রতিক পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ মানুষ। মে দিবসে ডাকা এ বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ হলেও উগ্রপন্থী দলগুলো পুলিশের ওপর পেট্রোল বোমা ও আগুন নিক্ষেপ করে। প্রতিক্রিয়ায় পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস ছোড়ে। এ সময় তারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে জলকামানও ব্যবহার করে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের সংখা পাওয়া গেলেও কতজন বিক্ষুব্ধ আহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

প্রসঙ্গত, সম্প্রতি দেশটিতে সরকারি পেনশনের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মাখোঁর এ সিদ্ধান্তের বিরুদ্ধে ওই দিন বিক্ষোভ করে অন্তত ৭ লাখ ৮২ হাজার মানুষ। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভ করেন ১ লাখ ১২ হাজার মানুষ। অবশ্য বিক্ষোভে সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি, দেশটিতে ওইদিন বিক্ষোভে অংশ নেয়া মানুষের সংখ্যা সরকারি হিসাবের অন্তত তিনগুণ।